তালায় জোরপূর্বক জমি দখল : থানায় অভিযোগ!
শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার প্রশাদপুর গ্রামের মৃত্যু হাজের আলী গাজীর ছেলে সোলাইমান গাজীর দীর্ঘদিনের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ এরশাদ গাজী গংদের বিরুদ্ধে। জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেয়ার কারণে এই জমি দখল করা হয়েছে বলে জানা গেছে।
সরেজমিন পরিদর্শনে গেলে সোলাইমান গাজী, তার স্ত্রী সহ অনেকেই বলেন, দীর্ঘদিন যাবৎ প্রশাদপুর মৌজার সাবেক ৪৮১ দাগের ৭৮ শতক জমির মধ্যে পৈত্রিক সূত্রে ৪২ শতক জমি দখল করে চাষাবাদ করি। আমাদের প্রতিপক্ষ বিএনপির রাজনীতি করে। ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচনে আমরা জামায়াতে ইসলামী তে ভোট দেয়ার কারণে তারা আমাদের দীর্ঘদিনের দখলীয় জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। এই ঘটনায় আদালতে মামলা করা হয়েছে এবং চলমান আছে। এখন তারা আমাদের দেখলেই গালিগালাজ করছে এবং হত্যার হুমকি দিচ্ছে। আমরা জীবনের ভয়ে সন্ত্রস্থ হয়ে তালা থানায় লিখিত অভিযোগ করেছি।
অভিযুক্ত এরশাদ গাজী বলেন, এই জমি আমাদের পৈতৃক সম্পত্তি। ভাগবাটোয়ারা না হওয়ায় শরিক অনুযায়ী ভোগদখল করি। এবছর খাজনা পরিশোধ করতে গিয়ে দেখি গত ভূমি জরিপে প্রত্যেক ওয়ারেশের হিস্যা অনুযায়ী আলাদা প্লট করা হয়েছে। আমরা যেখানে দখল করি সেখানে আমাদের জমি নেই। তাই ম্যাপ অনুযায়ী তাদের জায়গা ছেড়ে দিয়ে আমাদের জায়গা আমরা দখল করেছি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য লিয়াকত আলী মোড়ল বলেন, এই জমি মাপ জরিপের সময় আমি উপস্থিত ছিলাম। আপস মীমাংশা ছাড়া শান্তি হবে না। উভয় পক্ষ রাজি হলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানান তিনি।
##
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































